ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে টানা চার দিনের প্রবল বৃষ্টিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ ও প্রতিবেশী উত্তরাখণ্ডের তিনটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। উত্তরাখণ্ডের কর্র্তৃপক্ষ ভারতীয় নাগরিকদের আজ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যটিতে ভ্রমণে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে টানা প্রবল বৃষ্টির কারণে হওয়া ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। ভিডিওতে নদীর পানির প্রবল স্রোতে সেতু ভেঙে ভেসে যেতে, ভূমিধসের সময় পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়তে ও পানির প্রবল তোড়ে বহু গাড়িকে কাগজের নৌকার মতো ভেসে যেতে দেখা গেছে। প্রবল বৃষ্টি হিমাচল প্রদেশের রাস্তাগুলোকে নদীতে এবং নদীগুলোকে তাদের পথে পড়া সবকিছু ধুয়েমুছে নেওয়া উন্মত্ত সাগরে পরিণত করেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। টানা প্রবল বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিসাবকৃত ক্ষয়ক্ষতি ৪ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে বলে জানা গেছে। দুর্গত রাজ্যগুলোতে সব স্কুল ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি পরিষেবাগুলো বিঘ্নিত হচ্ছে।