ইস্টার্ন ব্যাংকে ইন্ডিয়া বিজনেস ডেস্ক উদ্বোধন

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে সহায়তার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গতকাল একটি স্বতন্ত্র ইন্ডিয়া বিজনেস ডেস্ক চালু করেছে। বাংলাদেশি এবং ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এই সেন্টার থেকে ওয়ানস্টপ ব্যাংকিং সেবা দেওয়া হবে।

গতকাল বুধবার রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে ইন্ডিয়া বিজনেস ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবদুল মতলুব আহমেদ, ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার প্রমুখ।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনীতির রোল মডেল হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ভারতীয় রুপিতে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সূচনা শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তারেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না, বরং এর মধ্য দিয়ে আমাদের সার্বিক পার্টনারশিপ আরও সুদৃঢ় হবে।’

বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের ইন্ডিয়া বিজনেস ডেস্ক আমাদের দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নতুন সুযোগের সৃষ্টি করবে। এটি ইস্টার্ন ব্যাংকের একটি উদ্ভাবনী উদ্যোগ, যা আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট পার্থক্য গড়ে তুলতে সহায়তা করবে।’

বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান আশা প্রকাশ করেন, ‘ইবিএল তার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশকে একটি অনন্য সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রচারের উদ্যোগ নেবে।’

আইবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমদ বলেন, ‘এখন থেকে উভয় দেশের ব্যবসায়ীরা ভারতীয় রুপিতে আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় সহায়তা পেতে ইস্টার্ন ব্যাংকের সহায়তা নিতে পারবেন।’

আলী রেজা ইফতেখার বলেন, ‘ইস্টার্ন ব্যাংকের স্বতন্ত্র একটি ইন্ডিয়া বিজনেস ডেস্ক চালু করতে পেরে আমরা আনন্দিত, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ়করণে আমাদের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। ভারতীয় রুপিতে বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি শুরুর ফলে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।’

এর আগে জাপানি এবং চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সার্বিক ব্যাংকিংসেবা প্রদানের লক্ষ্যে ইবিএল স্বতন্ত্র জাপান এবং চীনা ডেস্ক চালু করে। বিজ্ঞপ্তি