লোহাগড়ায় বাবলু শেখ হত্যাকাণ্ড, ২৭জনের বিরুদ্ধে মামলা

নড়াইলের লোহাগড়ায় সীমানা বিরোধের জের ধরে বাবুল শেখ (৫৮) হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার (১২ জুলাই) রাতে নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেছেন।

নিহত বাবুল শেখ উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে নিহতের চাচাতো ভাই রিপন শেখ তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ সীমানায় বাবলু শেখের জমির তালগাছ কাটতে যান। বিষয়টি জানতে পেরে বাবলু শেখ ঘটনাস্থলে গিয়ে তালগাছ কাটা বন্ধ করতে বলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবলু শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বাবলু শেখের আরও তিন ভাই এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। বুকে ধারালো অস্ত্রের আঘাতে বাবলু শেখের প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার আসামিরা হলেন, নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫), মুরাদ শেখ (৪০), নাছির শেখ (৩৫) ও উইনছান শেখ (৪৮), রিপনের পক্ষের একই গ্রামের ছাকা শেখ (৫০), মফিজুর কাজী, জাকির মোল্যা (৫০), মিজানুর শেখ (৪৫), হুমায়ুন শেখ (৪৫), মনির শেখ (৩৫), খোকন শেখ (৩০),বাড়ীভাঙ্গা গ্রামের ছাকায়েত মোল্যা (৫৫), লাবলু মোল্যা (৪৮), চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের নাজির মোল্যা (৫০), মোস্তাক মোল্যা (৪২), নূর আলম মোল্যা (৩৫), শহিদুল্লাহ মোল্যা (৫৫), রুবেল মোল্যা (২৫), রমজান মোল্যা (৩০), রহমান শেখ (৪৫), ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নূরুজ্জামানন ওরফে নূরনবী (৬০), জনি মোল্যা (৩০), হুমায়ুন মোল্যা (৫০), মোনায়েম মোল্যা (৪০), মাহাবুব মোল্যা (৫০)।

এদের মধ্যে নূরুজ্জামান ওরফে নূরনবীকে হুকুমের আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে ২৭ জনের নামে বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন। মামলা নং-১২। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।