আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সিলেট সফর করেছেন। তারা সিলেটের জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলাদা বৈঠক করেন। বৈঠকে ইইউ প্রতিনিধিদল সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনসহ সিলেটের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। সংশ্লিষ্টরা তাদের জানিয়েছেন, গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো।
ইইউ প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রন, রাজনীতিবিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ানউ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্টিক এক্সপার্ট ক্রিস্টফার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি হেলিন এন্ডারলিন ও তানজা নাদের।
ইইউ প্রতিনিধিদলের সদস্যরা সকালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সঙ্গে বৈঠক করেন। সিসিকের জনসংযোগ কর্মকর্তা আবদুল আলিম শাহ জানান, নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনকালীন সিলেটে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে বলে জানান ইইউ প্রতিনিধিরা। বৈঠকে তারা সিটি করপোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন। সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
বিকেলে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিরা। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং সিলেট সিটি করপোরেশনসহ সাম্প্রতিক নির্বাচনগুলো কেমন হয়েছে, এসব বিষয়ে জানতে চান তারা।
বৈঠক শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, বৈঠকে সিলেট সিটি করপোরেশনসহ সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের অধিকার, ভোটার উপস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে ইইউ প্রতিনিধিদের বিভিন্ন তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, ‘ইইউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। তাই নির্বাচনের আগে পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন তারা। আমরা তাদের আশ্বস্ত করে জানিয়েছি, কিছুদিন আগেই সিলেট সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’
এ ছাড়া ইইউ প্রতিনিধিদল সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের সঙ্গে আলাদা বৈঠক করেছে।