পাকিস্তানের সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে আগামী আগস্ট মাসেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তারাই অক্টোবরে নির্বাচন করবে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে শাহবাজ শরিফ এসব কথা বলেন।
পাকিস্তানের পার্লামেন্টের দ্বিকক্ষবিশিষ্ট। সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে ১৩ আগস্ট। সেটি উল্লেখ করে শাহবাজ বলেন, তার সরকার আগামী মাসে ভেঙে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে শাসনভার হস্তান্তর করা হবে। শাহবাজ বলেন, গত বছর এপ্রিলে প্রধানমন্ত্রী হিসেবে জাতি আমাকে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব দেয়। সংবিধান অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে এ দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের কাছে ফিরিয়ে দেব।
২০১৮ সালের ১৮ আগস্ট হওয়া নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে পাকিস্তানের রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে ইমরানও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। গত বছর এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান। তারপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নানা কর্মসূচির মাধ্যমে শাহবাজ সরকারকে আগাম নির্বাচনের জন্য চাপ দিতে থাকেন তিনি।