ওয়েবের পর ফের বড়পর্দা মাতাতে আসছেন মিম

গ্রামের সাধারণ মেয়ে নীরার সদ্য বিবাহিত নিখোঁজ স্বামীকে খোঁজার মিশনে গিয়ে, শুরু হয় দেশরক্ষার আরেকটি মিশন; যার নাম ‘মিশন হান্টডাউন’। ঈদুল আজহার আগের দিন (২৮ জুন) দুর্দান্ত অ্যাকশন ও রহস্য ঘেরা এমন গল্পের ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। মুক্তির পরই এটি দর্শকের দারুণ সাড়া পাচ্ছে। টানটান উত্তেজনায় ভরা এই সিরিজ পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে নীরা চরিত্রে তাক লাগানো পারফরমেন্স দেখিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং অ্যান্টি টেররিজম স্কোয়াড কর্মকর্তা মাহিদের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা এফ এস নাঈম। বহুল প্রত্যাশিত সিরিজটি এরইমধ্যে নানা মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। সিরিজটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘মিশন হান্টডাউন’ নিয়ে অসাধারণ সাড়া পাচ্ছি। শতভাগ মানুষ কাহিনি পছন্দ করছেন। নাঈম ও মীমের অভিনয়েরও ভূয়সী প্রশংসা করছেন। সবচেয়ে ভালো লাগার বিষয়, গল্পটা মানুষকে পুরো সিরিজে আটকে রাখতে সক্ষম হয়েছে। এর সিক্যুয়েল আসছে কবে, তাও অনেকে জানতে চাইছেন। মুক্তির কয়েকদিনে মানুষের এই আগ্রহ দেখে আমি ও আমার টিম আনন্দিত এবং অনুপ্রাণিত। মিমের ভাষ্য, ‘মিশন হান্টডাউন’ দিয়ে হইচই-এ আমার যাত্রা শুরু হলো। প্রথম কাজে এত সাড়া পাব, ভালোবাসা পাব ভাবিনি। গল্পটা মানুষ দারুণভাবে এনজয় করছেন। দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। এফ এস নাঈম বলেন, গল্পটার পরতে পরতে রহস্য, যা দর্শকদের প্রতিনিয়ত ভাবাচ্ছে। দারুণ সাড়া পাচ্ছি। সাধারণত ঈদে, প্রচুর কনটেন্ট প্রকাশ পায়। সেখানে ‘মিশন হান্টডাউন’ দর্শকদের মন কাড়ছে, সেটাই আনন্দের। এতে আরও অভিনয় করেছেনÑ সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরিম মাহি, পূজা এগনেজ ক্রুজ, মীর রাব্বি, নীশা চৌধুরী, আশরাফুল আশীষ প্রমুখ। কপ ক্রিয়েশনের প্রোডাকশনে কো-প্রোকাশন ছিল লিডস এন্টারটেইনমেন্ট। ‘মিশন হান্টডাউন’ হইচই-তে স্ট্রিম হচ্ছে।

বিদ্যা সিনহা মিম মূলত সিনেমার অভিনেত্রী। ওটিটি বা ভালো গল্প পেলে তিনি হাতছাড়া করেন না। ফলে তার সিনেমার খবরের প্রতিই ভক্তদের আগ্রহ বেশি। ফলে মিমের ব্যাপারে বলতে গেলে তার আসন্ন সিনেমার কথা না বললেই নয়। মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি গত বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপক প্রশংসিত হয়েছে। ঢালিউড নায়িকা মিমের ক্যারিয়ারের আলোচিত ও সাড়া জাগানো একটি চলচ্চিত্র পরাণ। গত বছর তিনি মুক্তিযুদ্ধের গল্পনির্ভর দামাল সিনেমায় অভিনয় করেন, যেটি সব শ্রেণির দর্শকদের কাছে প্রশংসা পায়। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে এই লাক্স সুপারস্টারের নতুন সিনেমা অন্তর্জাল। এটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। মিম দেশ রূপান্তরকে বলেন, ‘এ ধরনের সিনেমা আগে কখনো হয়নি এ দেশে। এটি ভিন্নধর্মী গল্পের সিনেমা। নতুন ভাবনার প্রতি, নতুন গল্পের প্রতি দর্শকদের আগ্রহ ও টান সবসময়ই আছে। অন্তর্জালের প্রতিও থাকবে।’ তিনি আরও বলেন, ‘অন্তর্জাল বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা। দর্শকরা এটি হলে গিয়ে দেখবেন বলে আমার বিশ্বাস।’

শুধু দেশের সিনেমায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি মিম। ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেও ওপার বাংলার দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। কলকাতার নতুন সিনেমা ‘মানুষ’-এর শুটিং শেষ করেছেন সম্প্রতি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিত। এ প্রসঙ্গে মিম বলেন, ‘আমার বিশ্বাস ‘‘মানুষ’’ ভালো একটি সিনেমা হবে। ‘‘অন্তর্জাল’’ মুক্তি পাচ্ছে। এটা নিয়েই আমার যত প্রত্যাশা। আমি চাই দর্শকরা অন্তর্জালের সঙ্গে থাকুক।’

এদিকে একটু অবসর পেলেই মিম কোথাও না কোথাও ঘুরতে যান পরিবারের সদস্যদের নিয়ে। এবারও তা করেছেন। সম্প্রতি স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরের একটি রিসোর্টে বেশ কয়েক দিন কাটিয়ে ঢাকায় ফিরেছেন। এ বিষয়ে মিম বলেন, ‘ঈদের সময়টা ভালো যায়নি জ¦রের কারণে। জ¦রের জন্য কয়েক দিন ঘরবন্দি ছিলাম। শরীর ভালো হওয়ার পর সবাই মিলে ঘুরতে গেলাম। প্রকৃতি আমাকে খুব টানে। একটু বৃষ্টি, সবুজ প্রকৃতির প্রতি ভালোবাসাটা গভীর।’ মিম আরও বলেন, ‘ঘুরতে যেমন ভালো লাগে, সবুজের কাছাকাছি থাকতেও ভালো লাগে। ছুটি পেলেই ঘুরতে যাই পরিবারের সবার সঙ্গে। প্রকৃতি ও বৃষ্টি আমাকে খুব টানে।’