গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য সাক্ষাৎকার দিতে যান দুই নারী শ্রমিক। রোজিনা আক্তার বিপাশা ও আশা আক্তার নামের ওই দুই নারী শ্রমিক সে সময় গেটের বাইরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অন্য চাকরিপ্রার্থীদের সঙ্গে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রোজিনা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার চাকরির নিয়োগ পরীক্ষা দিতে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত সড়কে আরও ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে বগুড়ার শাজাহানপুর, সদর ও আদমদীঘিতে পৃথক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। বরিশালে বাস ও ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে একজন নিহত হয়েছেন। পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রাজধানীর মিরপুরে রোড বোঝাই ভ্যান উল্টে চালক নিহত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার আরোহী এক নারী নিহত হয়। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে
গাজীপুরে পিকআপ চাপায় নারীর মৃত্যু : নিহত রোজিনা আক্তার বিপাশা (২৬) নেত্রকোনার কেন্দুয়া থানার গ-া এলাকার রুহুল আমিনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া থাকতেন। নিহত আশা আক্তারের (২২) বাড়ি সিরাজগঞ্জে। তারা দুজনই গাজীপুরের একটি কারখানায় কাজ করতেন। আরেক কারখানায় চাকরি পেতে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন তারা।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই কামরুজ্জামান লিটন জানান, এ ঘটনায় পিকআপটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ : বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। তারা হলেন শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও ছেলে তাশফিয়ান রহমান (৫)। এ ঘটনায় আহত হন মিঠু। শুক্রবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক কাঁটাবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।
একই দিন রাত ১০টার দিকে সদরের এরুলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নওগাঁ জেলার হাট নওগাঁ এলাকার সঞ্জয় কুমার (৩০) নিহত হন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীরচরের দাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহারের রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের মোস্তাক (৪৫)।
বরিশালে বাস ও ট্রলির সংঘর্ষে নিহত ৩ : বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে ছয়মাইল ইউনিক পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশাল নগরীর বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার ট্রলি চালকের সহকারী মো. নাদিম (১৮), একই এলাকার ট্রলিচালক এমদাদুল হক (৩২) এবং বাবুগঞ্জের উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা সিনবাদ।
বাঁশখালীতে অটোরিকশা খাদে পড়ে নিহত ১ : চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে শফিউল আলম জিহাদী (৬০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল সকালে বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কেবি কনভেনশন এলাকায় এ ঘটনা ঘটে। শফিউলের বাড়ি পেকুয়া উপজেলার ছিরাদিয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায়।
ঈশ্বরদীতে বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার ভরত চন্দ্র সরকার (৩৫) নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল সকালে দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কের মুলাডুলি কৃষি ফার্ম স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে তার বাড়ি।
মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত : মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সালামত আলী (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার শমসেরনগর সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সালামত স্থানীয় বড়চেগ গ্রামের বাসিন্দা ও শমসেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
সিংগাইরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আওলাদ হোসেন (৪৫) নিহত হয়েছেন। গতকাল দুপুর ৩টার দিকে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের দেওলী নামক স্থানে এ ঘটনা ঘটে। আওলাদ হোসেন মানিকগঞ্জ সদর থানার ভাঙ্গাবাড়িয়াম বালিরটেক এলাকার হাকিম বেপারীর ছেলে।
রডবোঝাই ভ্যান উল্টে নিহত চালক : রাজধানীর মিরপুর এক নম্বরের শিয়ালবাড়ি মোড়ে একটি রডবোঝাই ভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। তার নাম নাম রাকিবুল হাসান (৩২)। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সুনামগঞ্জের কমলগঞ্জ থানার হোসেনপুর গ্রামে।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। তিনি বলেন, ভ্যানচালক রড ভর্তি করে নিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ভ্যান উল্টে যায়। রডের নিচে পড়ে ভ্যানচালক নিহত হন। রাকিবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা আরোহী নারী নিহত : রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী জোসনা বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার ৬ বছরের ছেলে আশরাফুল ও অটোরিকশাটির চালক।
গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসনার স্বামী ট্রলারচালক আল ইসলাম জানান, তাদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায়। জোসনার বাবার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। ৪-৫ দিন আগে দুই ছেলেসহ স্বামী-স্ত্রী মিলে সিঙ্গাইর যান। গতকাল বিকেলে অটোরিকশায় করে কেরানীগঞ্জের বাড়িতে ফিরছিলেন। পথে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার নতুন রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে জোসনা বেগম ও ছোট ছেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন। আর আহত আশরাফুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অটোরিকশাটির চালককে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আল ইসলাম আরও জানান, একই অটোরিকশাতে থাকলেও তিনি এবং বড় ছেলে জুনায়েদ (১৪) অক্ষত রয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জোসনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।