চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্কুল ছাত্র ও এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীরা হলেন- স্কুলছাত্র রিয়াজুল ইসলাম আলভী (১৫) এবং শারমিন হেনা রিতা (৪৫)। রবিবার দিবাগত রাতে নগরের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে মারা যান তারা।
সোমবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, রিয়াজুল ইসলাম আলভী নগরের কাজেম আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা প্রবাসী রফিকুল ইসলামের ছেলে। এর আগে শনিবার পার্কভিউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
অপরদিকে মারা যাওয়া শারমিন হেনা রিতা নগরের রহমান নগর মসজিদ গলির বাসিন্দা। তিনিও গেল শনিবার একই হাসপাতালে ভর্তি হন। সোমবার (১৭ জুলাই) ভোরে তিনি মারা যান। এই নিয়ে গত ৬ মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (১৬ জুলাই ভোর ৬টা থেকে ১৭ জুলাই ভোর ৬টা) পর্যন্ত ৮৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন এবং চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে পাঁচজন। বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ৩৭ জন।
সূত্রটি জানায়, চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৮ জন শিশু, ছয়জন পুরুষ, একজন কিশোর ও তিনজন নারী। চলতি বছরের শুরু থেকে আজ ১৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট এক হাজার ৪৬৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।