ভারতসহ বিশ্বজুড়ে প্রায় ৫৪ কোটি মানুষ হিন্দিভাষী। এই বিপুল হিন্দিভাষীদের জন্য ভাষাটির আরও কার্যকর ও সহজতর বিস্তৃতির দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে ভারতের। আন্তর্জাতিক অঙ্গনেও হিন্দি ভাষার প্রতি জোর দিচ্ছে দেশটি। এর অংশ হিসেবে জাতিসংঘে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানোর জন্য ১০ লাখ ডলার (১০ কোটি টাকার বেশি) দিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ সংস্থাটির গ্লোবাল কমিউনিকেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিংয়ের কাছে একটি চেক হস্তান্তর করেছেন।
জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন এক টুইট বার্তায় বলেন, ‘ভাষাগত অন্তর্ভুক্তিতে বিনিয়োগ! হিন্দির ব্যবহার বাড়ানোর জন্য রুচিরা কম্বোজ মেলিসা ফ্লেমিংয়ের কাছে ১০ লাখ মার্কিন ডলারের একটি চেক হস্তান্তর করেছেন। হিন্দি ইউনিয়ন প্রকল্পের সঙ্গে আমরা প্রতিবন্ধকতাগুলোকে ভেঙে দিচ্ছি এবং জনসাধারণের প্রসার বাড়াচ্ছি।’ অন্যদিকে রুচিরা কম্বোজ টুইট করেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক কথোপকথন এবং বোঝাপড়াকে উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’ এক বিবৃতিতে কম্বোজ বলেন, জাতিসংঘের হিন্দি ভাষায় সংবাদ এবং মাল্টিমিডিয়া কনটেন্টকে মূলধারা ও একত্র করার প্রচেষ্টাকে ভারতসহ বিশ্বের সব হিন্দি ভাষাভাষী মানুষ প্রশংসা করেছে। তিনি আরও বলেন, ভারত সরকার জাতিসংঘে হিন্দি ভাষার ব্যবহারের প্রচার চালিয়ে যাবে। এ ছাড়া ভারত জাতিসংঘের সঙ্গে অংশীদারত্বে সন্তুষ্ট বলেও জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে।
২০১৮ সালে হিন্দি ভাষায় জাতিসংঘের জনসাধারণের প্রসার বাড়ানোর লক্ষ্যে উএন ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশনের সহযোগিতায় ‘হিন্দি ইউএন’ প্রকল্প চালু করা হয়। এ প্রকল্পের আওতায় টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে হিন্দিতে সম্প্রচারিত হচ্ছে ইউএন নিউজ। এ ছাড়া চালু হয়েছে ইউএন নিউজের সাপ্তাহিক হিন্দি বুলেটিন। টুইটারে হিন্দি ইউএনের ফলোয়ার সংখ্যা ৫০ হাজার, ইনস্টাগ্রামে ২৯ হাজার এবং ফেসবুকে ১৫ হাজারের বেশি।