নির্বাচনে আবার জয়লাভের পর দেশের অর্থনীতিতে গতি ফেরানোয় গুরুত্ব দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এর অংশ হিসেবে উপসাগরীয় তিনটি দেশে সফর শুরু করেছেন তুর্কি প্রেসিডেন্ট। সফরের অংশ হিসেবে গত সোমবার সৌদি আরবে পৌঁছান এরদোয়ান। তার এ সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আঙ্কারার কাছ থেকে ড্রোন কিনবে রিয়াদ। তুর্কি বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, সৌদিতে বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত আলোচনা এবং ফোরামে অংশ নিয়েছেন তিনি। সৌদি গেজেট জানিয়েছে, তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরদোয়ান ও সৌদি যুবরাজ সালমান।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী আল সৌদ গতকাল মঙ্গলবার টুইট বার্তায় জানান, সৌদির প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করতে এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়াতে ড্রোন কেনা হবে।