নির্বাচনে জিতলে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াবেন ট্রাম্প

আগামী নির্বাচনে জয়ী হলে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগকেও ঢেলে সাজাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। গত সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাস্ফীতি কমানো, সীমান্ত সুরক্ষা ও সমাজের মূল্যবোধ রক্ষায় প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলে উল্লেখ করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার এক মুখপাত্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের ক্ষমতা কমিয়ে আনা ও দেশটির নির্বাহী বিভাগকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। আর এ পরিকল্পনা বাস্তবায়নে কোনো কর্মকর্তা-কর্মচারী বাধা সৃষ্টি করলে তাকে সহজেই চাকরিচ্যুত করার উদ্দেশ্যেই প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে চান তিনি। সাবেক এ প্রেসিডেন্টের দাবি, সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সম্পূর্ণ নির্বাহী বিভাগের ওপর প্রেসিডেন্টের পুরোপুরি কর্র্তৃত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালীন এ অনুচ্ছেদকে কাজে লাগিয়েই নিজের ‘বিতর্কিত’ কর্মকাণ্ডকে যৌক্তিক বলে দাবি করতেন ট্রাম্প।