আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন নারীরা। এ নারীদের প্রায় সবাই সরকারি নির্দেশে বন্ধ হয়ে যাওয়ার মুখে থাকা বিভিন্ন পার্লারের মালিক ও কর্মচারী। গতকাল বুধবার রাজধানী কাবুলের বুচের স্ট্রিট এলাকায় প্রায় ৫০ জন এ বিক্ষোভে অংশ নেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। কাবুলের এই এলাকায় বেশ কয়েকটি বিউটি পার্লার রয়েছে। এএফপির জানায়, বুধবার সকালে বুচের স্ট্রিট এলাকায় জড়ো হন নারীরা। এ সময় তাদের বেশ কয়েকজনের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কাজ, রুটি, ন্যায়বিচার’। জবাবে জলকামান ব্যবহার করে তালেবান নিরাপত্তারক্ষীরা, কয়েকজন নারীর অভিযোগ তাদের দিকে স্টান গ্রেনেডও ছোড়া হয়। গত মাসে একটি নোটিস জারি করে তালেবান সরকার। নোটিসে বলা হয়, ‘আগামী এক মাসের মধ্যে দেশের সব বিউটি পার্লার বন্ধ করে দিতে হবে।’