চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। যুদ্ধবাজ হিসেবে পরিচিত এ কূটনীতিক গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউজে চীনের প্রেসিডেন্টের সঙ্গে এই সাক্ষাৎ করেন। বিবিসি বলেছে, চীনের সঙ্গে সম্পর্কের শীতলতা কমাতে যুক্তরাষ্ট্রের ঊর্র্ধ্বতনদের ধারাবাহিক চীন সফরের মধ্যে কিসিঞ্জারের বেইজিং গমন। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হেনরি কিসিঞ্জারের এই সফর কোনো রাষ্ট্রীয় সফর নয়। তিনি ব্যক্তিগত উদ্যোগে এই সফর করছেন। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র-চীনের আঁতাত গড়তে ভূমিকা রেখেছিলেন কিসিঞ্জার। শতবর্ষে পা রাখা সাবেক এ কূটনীতিক গত সোমবার এক আকস্মিক সফরে চীনে যান। কিসিঞ্জারের আগে চীন সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু দূত জন কেরি। এর আগে দেশটিতে সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন।