পরিকল্পনামন্ত্রী

ব্যবসায়ীদের বেশি সুযোগ দেওয়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমার সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় দেশের দ্রুত উন্নয়ন ঘটেছে। আমরা উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সুযোগ দিয়েছি। দেশে যোগাযোগসহ সব খাতে অবকাঠামোর সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পরিবর্তনশীল পরিবেশে বাংলাদেশের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে আয়োজিত এক সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। জনগণের অধিকার জনগণকেই আদায় করতে দিন। আমাদের সরকারের ভুল হলে শোধরানোর পথ সংবিধানে আছে। দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব সংবিধানের মধ্য থেকে সমাধান খুঁজে বের করা।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন ও গণতন্ত্র দুটোই দরকার। তবে কোনটা আগে সেটি বেছে নিতে হবে। এ দেশের অধিকাংশ মানুষ প্রকৃত অর্থে স্বাবলম্বী হয়নি। অনেক মানুষের দুদিনের খাবার আছে, কিন্তু এক মাস চলার অর্থ নেই। যারা উন্নয়ন বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করে, তারা মূলধারার নাগরিক নন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক আরিফুল হক, ডিবিএল গ্রুপের চিফ সাসটেইনেবিলিটি অফিসার মো. জাহিদুল্লাহ, আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নিরান রমজুথান।

বিডার পরিচালক আরিফুল হক বলেন, দক্ষিণ এশিয়ায় আমরা দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হয়েছি। ফ্রেশ ইকুইটি থেকে এফডিআইর ৫০ শতাংশ এসছে।