সিঙ্গারের মুনাফা বেড়েছে ৪ গুণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও টাকার বড় ধরনের অবমূল্যায়নের কারণে ২০২২ সাল ভালো যায়নি ইলেকট্রনিকস খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের। গত বছর প্রথম তিন প্রান্তিকে লোকসানে থাকার পর শেষ সময়ে এসে নামমাত্র মুনাফায় ছিল কোম্পানিটি। তবে চলতি বছর কোম্পানির সেই চিত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) উৎপাদন ব্যয় কমে যাওয়ার পাশাপাশি আয় বাড়ায় নিট মুনাফা প্রায় চার গুণ বেড়েছে সিঙ্গারের। কোম্পানিটির প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে পণ্য বিক্রি করে সিঙ্গারের আয় হয়েছে ৭১৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৪ শতাংশ বেশি। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির আয় ছিল ৫৩৪ কোটি ৯২ লাখ টাকা। চলতি হিসাব বছরে কোম্পানির আয় বাড়ার পাশাপাশি উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের উৎপাদন ব্যয় ছিল মোট আয়ের ৭৮ দশমিক ৫ শতাংশ, যা চলতি বছরের একই সময়ে ৭১ শতাংশে নেমে এসেছে।

উৎপাদন ব্যয় কমায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের মোট আয় দাঁড়িয়েছে ২০৭ কোটি ৯৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মোট আয় বেড়েছে ৮০ শতাংশ। আয় বাড়ায় কোম্পানির পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ১২১ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮১ কোটি ৮৮ লাখ টাকা। পরিচালন ব্যয় ও অন্যান্য আয় সমন্বয়ের পর দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের পরিচালন আয় দাঁড়িয়েছে ৯১ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৩৫ শতাংশ বেশি।

চলতি দ্বিতীয় প্রান্তিকে ঋণের বিপরীতে সিঙ্গার ১৬ কোটি টাকারও বেশি সুদবাবদ পরিশোধ করেছে। এ সময় লভ্যাংশে কর্মীর হিস্যাও আনুপাতিক হারে বেড়েছে। কর-পূর্ববর্তী মুনাফা বাড়ায় দ্বিতীয় প্রান্তিকে কর পরিশোধের পরিমাণও আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গার করপোরেট কর বাবদ ২৪ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধ করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৬৪ লাখ টাকা। কর পরিশোধের পর চলতি দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের নিট মুনাফা হয়েছে ৪৭ কোটি ৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৩৭ শতাংশ বেশি।

উচ্চ মুনাফা প্রসঙ্গে সিঙ্গার তাদের আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইউক্রেন সংকট, উচ্চ মূল্যস্ফীতি, বিদেশি মুদ্রার বাজার, পণ্যের দাম বৃদ্ধি ও অস্থিরতার মতো জাতীয় ও আন্তর্জাতিক কিছু সমস্যা অব্যাহত থাকা সত্ত্বেও কোম্পানির বিক্রি বাড়ায় আশা ও অনুপ্রেরণা জোগায়। এ সময়ে জাহাজ ভাড়া কমে যাওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে ব্যয় সাশ্রয় হওয়ায় মোট আয় বেড়েছে। উৎপাদিত সব পণ্যের দামও বাড়ানো হয়েছে। এসব কারণেই পরিচালন ও নিট মুনাফা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এদিকে দ্বিতীয় প্রান্তিকের আয়ে ভর করে প্রথমার্ধের মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়েছে। চলতি প্রথমার্ধে সিঙ্গার বাংলাদেশের পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ১ হাজার ৯২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৮ শতাংশ বেশি। ২০২২ সালের প্রথমার্ধে কোম্পানির নিট আয় ছিল ৯২৭ কোটি টাকা। উৎপাদন ও পরিচালন ব্যয় সমন্বয়ের পর চলতি প্রথমার্ধে কোম্পানির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ১২১ কোটি ৭৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮৮ শতাংশ বেশি। সুদ পরিশোধ, লভ্যাংশে কর্মীর হিস্যা ও কর পরিশোধের পর চলতি প্রথমার্ধে সিঙ্গারের নিট মুনাফা হয়েছে ৫৮ কোটি ৩১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৩ কোটি ৭ লাখ টাকা।