মশা তাড়াতে লাগাতে পারেন যে গাছ

মশার আক্রমণ প্রায় সব ঋতুতেই কমবেশি দেখা যায়। তবে বর্ষার এই সময়ে বাড়তে থাকে মশার আক্রমণ এবং ভয়াবহ আকার ধারণ করে মশাবাহিত রোগ। বিশেষ করে গত কয়েক বছরে ভয়াবহ আকারে বেড়েছে ডেঙ্গু রোগ। চলতি বছর প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারের বেশি মানুষ, মারাও যাচ্ছে অনেকে।

নানারকম রাসায়নিক বা ওষুধ প্রয়োগে মশা নিধন করা গেলেও সেগুলো অনেক সময় মানব দেহে ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ করে বাসায় বৃদ্ধ বা শিশু থাকলে এসব রাসায়নিক প্রয়োগ করাও ঝুঁকির বিষয়।

তাই অনেকেই চান প্রাকৃতিক উপায়ে মশা নিধন করতে বা কমাতে। এ ক্ষেত্রে গাছ হতে পারে মশা তাড়ানোর সমাধান। এমন কিছু গাছ আছে, যা পড়ে থাকে অযত্নে, কিন্তু মশার যম। মশা দমন করতে ঘরে কিছু গাছ আনলে উপকার তো হবেই, আবার সবুজের ছোঁয়াও পাবেন একই সঙ্গে।

মশার মতো কীটপতঙ্গ তাড়াতে পারে এমন কিছু গাছের কথা থাকছে এখানে।

কি কি গাছ মশা তাড়াতে পারে?

মশা তাড়াতে তুলসীগাছ

তুলসীর একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণের কথা জানা সবার। তবে তুলসী গাছ পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতেও সাহায্য করে। তুলসীর গন্ধ মশা, মাছি, পোকা-মাকড়কে দূরে রাখে। এর ঝাঁজালো গন্ধ মশা দূর করে। এ ছাড়া তুলসীর রস প্রাকৃতিক কীটনাশক হিসেবেও ব্যবহার করা হয়।

মশা তাড়াতে পুদিনা গাছ

পুদিনা পাতার পেপার মিন্ট বা মেন্থলের সুগন্ধ মশা তাড়ানোর জন্য কার্যকর। এটি মশার প্রাকৃতিক কীটনাশকও বটে। দ্রুত বেড়ে ওঠা এই উদ্ভিদ ও এর পাতা থেকে তৈরি তেল মশা তাড়াতে কার্যকরী।

মশা তাড়াতে ক্যাটনিপ গাছ

এই গাছে নেপিট্যাল্যাক্টন নামক এক প্রকারের প্রাকৃতিক উদ্ভিজ কেমিক্যাল রয়েছে, যা বিড়ালের পছন্দ এবং মশা, মাছি, পোকামাকড়কে দূর করে। এই গাছ পোকামাকড় তাড়ানোর রাসায়নিক উপাদানের চাইতেও বেশি কার্যকর। আলো-বাতাস আসে এমন স্থানে খুব সহজেই এই গাছ বেড়ে ওঠে।

মশা তাড়াতে গাঁদা ফুলের গাছ

সৌন্দর্য বাড়াতে হলুদ বা কমলা রঙের গাঁদা ফুলের গাছ লাগান অনেকেই। এই ফুলের গন্ধও অনেকের পছন্দ। কিন্তু গাঁদা গাছের পাতা বা ফুলের গন্ধ একেবারে সহ্য করতে পারে না মশা। গাঁদা ফুলের পাপড়ি এবং গাছের পাতায় থাকে অ্যান্টিসেপ্টিক। যার কারণে মশা একেবারেই দূরে থাকে এই গাছ থেকে।

মশা তাড়াতে সাইট্রোনেলা

সাইট্রোনেলা এক প্রকার ঘাস প্রজাতির উদ্ভিদ। মশা তাড়ানোর জন্য দুনিয়াজুড়ে সুনাম আছে এর। মূলত এই পাতার গন্ধের তীব্রতার জন্যই মশা বা পোকামাকড় এর ধারে কাছে ঘেঁষে না। উত্তর আমেরিকায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে, সাইট্রোনেলা উদ্ভিদ থেকে উৎপন্ন তেল কার্যকরী কীটনাশক।

মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছ

ল্যাভেন্ডারের গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগাতে না পারলেও ল্যাভেন্ডারের গন্ধ যুক্ত সুগন্ধি বা রুম ফ্রেশনার ছড়িয়ে দিন। এতেও মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি পাওয়া যাবে!

মশা তাড়াতে রসুন গাছ

নানা ঔষধি গুণে গুণান্বিত রসুন মানবদেহে উপকারের পাশাপাশি মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি দেয়।