সুইডেনের পর এবার কোরআন অবমাননার ঘটনায় ডেনমার্ককে সতর্ক করেছে জর্ডান, ওমান, ইরান ও সৌদি আরব। মুসলমানদের পবিত্র গ্রন্থের অসম্মান রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। ডানস্কে প্যাট্রিওটার (ডেনিশ প্যাট্রিয়টস) নামে একটি উগ্রবাদী দল ২১ জুলাই কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের সামনে কোরআনের একটি কপি পুড়িয়ে দেয়। জর্ডান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। একে ‘ইসলামোফোবিয়ার বহিঃপ্রকাশ’ অভিহিত করে জড়িতদের শাস্তি চেয়েছে দেশটি। নিন্দা এসেছে ওমান থেকেও। ডেনমার্কের রাজধানীতে পবিত্র কোরআনের কপি পোড়ানোর নিন্দা জানিয়ে দেশটি বলেছে, ‘ধর্ম ও বিশ্বাসের অবমাননা, শত্রুতা ও ঘৃণাকে উসকানি দেয়, এমন কাজকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার বলে, ইউরোপে পবিত্র গ্রন্থ পোড়ানো বিষয়টি অন্ধকার যুগের কথা মনে করিয়ে দেয়। এ ধরনের জঘন্য কাজে চুপ করে থাকলে সহিংসতা এবং সন্ত্রাসবাদ বেড়ে যাবে। কোরআনের একটি কপি পোড়ানোর নিন্দা করেছে জানিয়ে সৌদি আরব বলেছে, মুসলমানদের পবিত্র গ্রন্থের অসম্মান রোধে ডেনিশ সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।