আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সজ্জন কিন্তু কথাবার্তায় বেসামাল। দেখে মনে হয় একজন পাকা সাচ্ছা ভদ্রলোক আর কথা যখন বলে তখন মনে হয় একজন প্যাথলজিক্যাল লায়ার।’
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমার বাবাও শিক্ষক ছিলেন, মির্জা ফখরুল কলেজের শিক্ষক ছিলেন। এত মিথ্যা কথা বলতে পারেন, এত গালিগালাজ করতে পারেন। এই মিথ্যাবাদী এখন বলেন, তত্ত্বাবধায়ক সরকার এলে নাকি আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। ২০০৮ সালে এই ফখরুল ও তার নেত্রী আওয়ামী লীগকে মাত্র ৩০টি আসন দিয়েছিলেন কিন্তু নির্বাচনে দেখা গেল ৩০টি আসন বিএনপিই পেয়েছে।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুল লন্ডনের হুকুমে চলেন। যে দ-িত আসামি অর্থ পাচার করে মুচলেকা দিয়ে পালিয়ে গেছে। যে দলের নেতা দ-িত আসামি, সেই দল এ দেশের মানুষ সমর্থন করতে পারে না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুনিয়ার সব দেশে তত্ত্বাবধায়ক ছাড়া ইলেকশন হয়। বাংলাদেশে কেন? ইউরোপ-আমেরিকার নেতারা আসে। আমি জিজ্ঞাসা করেছি আপনাদের কোন দেশে তত্ত্বাবধায়কে ভোট হয়েছে। ইউরোপও বলতে পারেনি, আমেরিকাও বলতে পারেনি।’
ইসির তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১১.৫ শতাংশ ভোট পড়লেও বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘ঢাকা-১৭ আসনের নির্বাচন দেখলেন। এটা মাইনোর সিট অথচ পাঁচটি সিটিতে এক মাস হয়নি ইলেকশন হলো শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ। ওই নির্বাচনে ভোট দিল ৫০ থেকে ৫৩ পারসেন্ট ভোট।’
তিনি বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে তো করছেই, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ইউরোপ-আমেরিকা এসেছে। বিএনপি ভেবেছে নিষেধাজ্ঞা দিয়ে এ সরকারকে বিদায় দেবে। পাইলেন কী, ঘোড়ার ডিম। ইউরোপ-আমেরিকা কী দিল? এখন বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেদের আচরণ সংযত করুন। শেখ হাসিনা উন্নয়ন করেছেন, আপনারা ভালো আচরণ করুন মানুষের সঙ্গে। ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘২৭ জুলাই ঢাকাতে বিএনপির মহাসমাবেশ নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, জুলাইয়ের বাকি কদিন ও অক্টোবর মাস নির্বাচনের শিডিউল ঘোষণা পর্যন্ত আমাদের কর্মসূচি জাতীয় উন্নয়ন শোভাযাত্রা।’
সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে বসুরহাট পৌরসভায় বাস্তবায়িত নব-আধুনিকায়ন বসুরহাট বাসস্ট্যান্ড ও ৫৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন সেতুমন্ত্রী।