মায়ের সাথে দুর্ব্যবহারের কারণ জানতে গিয়ে খুন হলেন জিন্নাহ

বগুড়ায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে জিন্নাহ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া পৌরসভার বড় কুমিড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবুল খায়েরের ছেলে জেলহক হোসেন পলাতক। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান।

নিহত যুবক জিন্নাহ বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বড় কুমিড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামে দর্জির কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে শাহীনুজ্জামান জানান, নিহত যুবক জিন্নাহ চট্টগ্রামে দর্জির কাজ করেন। কয়েক বছর পর বাড়িতে আসেন তিনি। তুচ্ছ ঘটনা নিয়ে গত সপ্তাহে জিন্নাহর মায়ের সাথে অভিযুক্ত জেলহকের সাথে বাকবিতণ্ডা হয়। এ ঘটনা নিয়ে জিন্নাহ জেলহকের বাড়িতে গিয়ে জানতে চাইলে আবারও বাকবিতণ্ডা হয়। এ সময় জেলহক ধারালো (বাটাল) অস্ত্র দিয়ে জিন্নাহকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।