বর্ষায় গলে যাচ্ছে লবণ-চিনি? জানুন ঝরঝরে রাখার উপায়

রান্নায় স্বাদ আনতে লবণ আর চিনির ব্যবহার অপরিহার্য। কিন্তু বর্ষা মৌসুমে স্যাঁতসেঁতে আবহাওয়ায় আদ্রতা বেড়ে লবণ আর চিনি গলে যাওয়ার মতো সমস্যা প্রায় ঘরেই দেখা দেয়।

অনেক সময় পরিচ্ছন্ন বয়ামে আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে রাখার পরও জমাট বেঁধে যায় চিনি, লবণ। তবে ঘরোয়া উপায়েই এসব সমস্যা দূর করা সম্ভব, শুধু বদলাতে হবে কিছু কৌশল।

চলুন জেনে বর্ষায় লবণ, চিনি সুরক্ষিত রাখা যায় কি উপায়ে।

বায়ুনিরোধক বয়ামে রাখুন

বাতাস ঢুকতে পারে না এমন বয়ামে লবণ এবং চিনি ঢেলে রাখুন। কারণ বাতাসের সংস্পর্শে এসেই মূলত দলা পাকিয়ে যায় লবণ। চিনিও গলতে শুরু করে। এমন বয়ামে লবণ, চিনি রাখা জরুরি যেখানে সহজে বাতাস পৌঁছতে পারে না।

শুকনো জায়গায় রাখুন

লবণ, চিনির বয়াম সাধারণত রান্নাঘরেই থাকে। তবে রান্নাঘরের এমন জায়গায় রাখুন, যে স্থানটি শুকনো। গ্যাস, বেসিন কিংবা ফ্রিজের কাছাকাছি এগুলি না রাখাই শ্রেয়। তাতে লবণ আর চিনি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

শুকনো চামচ ব্যবহার

লবণ, চিনি বয়াম থেকে বের করে রান্নায় দেওয়ার সময়ে শুকনো পরিষ্কার চামচ ব্যবহার করুন। চামচ ভিজে থাকলে পানি লেগে এগুলি খারাপ হয়ে যেতে পারে। তবে তাই বলে চামচ না ধুয়ে লবণ, চিনির বয়ামে ঢোকাবেন না। ধোয়ার পর ভাল করে মুছে নিন।

ভেজা হাতে ধরবেন না

শুধু শুকনো চামচ নয়, ভিজে হাতেও লবণ, চিনি ধরা উচিত না। রান্না করতে করতে অনেক সময় তাড়াহুড়োয় লবণ, চিনির বয়ামে হাত চলে যায়। চামচ ব্যবহারের কথা তখন আর মনে থাকে না। বর্ষাকালে এগুলি ভাল রাখতে এই বিষয়ে সতর্ক থাকা জরুরি।

লবণের বয়ামে চাল

লবণ রাখার বয়ামে আগেই কয়েকটি চাল বিছিয়ে দিন। তারপর লবণ দিন। চাল ভেজা ভাব কাটাতে উপযোগী। কারণ চাল আর্দ্রতা টেনে নিতে পারে। লবণের বয়ামে চাল ব্যবহার করলে লবণ থাকবে ঝরঝরে।

বয়ামে লবঙ্গ রাখুন

লবণ বা চিনির বয়ামে তিন থেকে চারটি লবঙ্গ রাখতে পারেন। এটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে লবণ ও চিনি ঝরঝরে রাখতে সহায়তা করে। তবে লবঙ্গগুলোকে এক টুকরো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত নয়তো লবঙ্গের গন্ধ চিনি বা লবণে ছড়িয়ে যাবে।