পুলিশি নির্দেশ উপেক্ষা করে বিক্ষোভ করার দায়ে সুইডেনের পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গকে দোষী সাব্যস্ত করেছে তার দেশের একটি আদালত। গত মাসে দেশটির মালমো বন্দর অবরোধ করার অভিযোগে করা মামলায় গতকাল সোমবার তাকে দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে তাকে আড়াই হাজার সুইডিশ ক্রোনা বা ২৬ হাজার টাকা জরিমানাও করেছে মালমোর আদালত। আদালতের কাছে গ্রেটা পুলিশের নির্দেশ অমান্য করেছিলেন বলে স্বীকার করলেও এজন্য তিনি দোষী নন বলে দাবি করেন। সুপরিচিত এই জলবায়ু আন্দোলনকর্মী বলেন, তিনি প্রয়োজনের স্বার্থে মালমো বন্দর অবরোধ করেছিলেন। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতিবাদে গত ১৯ জুন ‘রিক্লেইম ফর ফিউচার’ নামের পরিবেশ আন্দোলন গ্রুপ ওই বিক্ষোভের ডাক দিয়েছিল। আর এ আন্দোলনের অংশ হিসেবে বন্দরের রাস্তা অবরোধ করা হয়, সংহতি জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন গ্রেটা।