দক্ষতা উন্নয়নে ৭ প্রতিষ্ঠানকে অর্থায়ন করেছে সরকার

দেশ ও বিশ্ববাজারে দক্ষ জনশক্তির চাহিদা পূরণ এবং যুগোপযোগী পেশায় উন্নয়নে কাজ করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। দক্ষতা প্রশিক্ষণের গুণগত মানোন্নয়নে বিশেষ করে কারিকুলাম তৈরি, অ্যাসেসমেন্ট ও সনদায়নের জন্য ইতিমধ্যে এনএসডিএ থেকে নিবন্ধিত সাতটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৬ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গতকাল সোমবার এনএসডিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে যুগোপযোগী দক্ষতা প্রশিক্ষণ নিশ্চিত করতে এনএসডিএর সুপারিশের ভিত্তিতে অর্থ বিভাগের জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হচ্ছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা টেকনিক্যাল কলেজ, উজ্জ্বলা লিমিটেড, শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজ, ডেফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি, শেখ ফজিলাতুন্নেছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এ তহবিল সফলভাবে ব্যবহার করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী তৈরি করতে সক্ষম হবে। বর্তমানে এনএসডিএ নিবন্ধিত ৪৫৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। পাশপাশি নিবন্ধন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ ১২টি ক্যাটাগরিতে এনএইচআরডিএফ থেকে অর্থায়ন করা হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার অংশ হিসেবে এ অর্থায়ন করছে সরকার।