সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অথচ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য বিএনপি এক সময় মরিয়া হয়ে উঠেছিল।
মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০১১ সালের ১০ মে বাংলাদেশে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়। এছাড়াও বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সরকার ব্যবস্থাকে বাতিল করা হয় বলে জানান, সুতারাং বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে কোনো সন্দেহ নেই।
শাহজাহান খান বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রবাসে থেকেও জনমত গঠন, আর্থিক ও অস্ত্র সহায়তায় কাউকে যুক্ত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হবে। দূতাবাসের মাধ্যমে তাদের তথ্যপ্রমাণ পাঠানোর আহ্বান জানান তিনি।
আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের সার্বিক উন্নয়ন, আগামীর সম্ভাবনা ও আসন্ন নির্বাচন নিয়ে প্রবাসীদের ভাবনা তুলে ধরেন বক্তারা। তার আগে জনাব শাহজাহান খান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্পন করেন।