রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আসা রুশ জাহাজ এম.ভি ইসানিয়া মোংলা বন্দরে ভিড়েছে। রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা এ জাহাজটি বুধবার বিকেল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। এরপর বিকেল ৪টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।

বিদেশি এ রুশ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ২ জুলাই মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে এম.ভি ইসানিয়া।

তিনি আরও জানান, রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি বুধবার বিকেল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। ভেড়ার পর বিকেল ৪টা থেকে এ জাহাজ থেকে ৪৪২ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হয়। জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। পণ্য খালাস শেষে এ জাহাজটি শুক্রবার মোংলা বন্দর ত্যাগ করবে।

জেটি নামিয়ে রাখা এ মেশিনারিজ পণ্য রবিবার থেকে সড়কপথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে গত ১১ জুলাই এম.ভি মার্গারেট, ২ জুলাই এম.ভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এম.ভি আনকা স্কাই, ৬ মে এম.ভি আনকা সান ও ২৫ এপ্রিল এম.ভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রূপপুরে মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

উল্লেখ্য, সাম্প্রতিক ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।