শ্রম পরিস্থিতি জানতে চাইলেন ইইউ প্রতিনিধি

ঢাকা সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় কাটিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। গতকাল বুধবার সকাল থেকে মানবাধিকার ও শ্রমজীবী সংস্থাসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ট্রেড বেনিফিট নিশ্চিত করার ওপর জোর দেন শ্রমিক সংগঠনের নেতারা।

গতকাল সকালে রাজধানীর গুলশানে ইইউ কার্যালয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থাসহ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে ইমোন গিলমোরের দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের শ্রম আইনসহ শ্রমিকদের অধিকার রক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি নাজমা আক্তার। ইইউ মূলত বাংলাদেশের শ্রম পরিস্থিতির বিষয়ে জানতে তাদের ডেকে পাঠিয়েছে বলে জানান তিনি।

নাজমা আক্তার বলেন, শ্রমিক, শ্রমিক আন্দোলন এবং আন্তর্জাতিক বাণিজ্য, সাপ্লাই চেইন, শ্রমিকদের অধিকার কীভাবে সুরক্ষিত হয়, আরও ভালো করে কীভাবে কাজ করা যায়Ñ এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক বলেন, ‘আমাদের লেবার কন্ডিশনগুলো কী অবস্থায় আছে, সেটি সম্পর্কে তারা আমাদের কাছ থেকে অবহিত হয়েছেন।’

গিলমোরের ‘নয়নতারা’ পরিদর্শন : ইইউর অর্থায়নে জাতীয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত নয়নতারা শিশু সুরক্ষা কমিউনিটি হাব পরিদর্শন করেছেন ইমোন গিলমোর। গতকাল দুপুরের পর রাজধানীর মিরপুরে ‘নয়নতারা’ পরিদর্শনে যান তিনি। সেখানে শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান গিলমোর। এ সময় তিনি শিশুদের সঙ্গে ছবি তোলেন।

নয়নতারা পরিদর্শন শেষে গিলমোর বলেন, ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত একটি মুগ্ধকর প্রজেক্ট নয়নতারা। এটা শিশু এবং তাদের পিতা-মাতাদের সহযোগিতার জন্য পরিচালিত হয় এবং শিশু ও তাদের পিতা-মাতাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে। এখানে আমি শিশুদের উৎসাহ দেখেছি, তাদের পিতা-মাতারা তাদের ভালো পরিবর্তন সম্পর্কে আমাকে জানিয়েছে। আর নয়নতারার মতো এ ধরনের প্রকল্পের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয়েও আশা প্রকাশ করেন ইইউর এই বিশেষ প্রতিনিধি।