সিঙ্গাপুরে দুই দশক পর নারীর মৃত্যুদণ্ড

সিঙ্গাপুরে ২০ বছরের মধ্যে কোনো নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। সাজা পাওয়া ওই নারীর নাম সারিদেউই জামানি (৪৫)। আজ শুক্রবার ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার গ্রুপ ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেকটিভ (টিজেসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৩০ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে জামানিকে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিশ্বের যে কয়টি দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন জারি রয়েছে সিঙ্গাপুর তার মধ্যে অন্যতম। দেশটিতে ১৫ গ্রামের বেশি হেরোইন ও ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলেই মৃত্যুদণ্ডের সাজা হতে পারে। মাদক মামলায় সিঙ্গাপুরে তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হতে চলা দ্বিতীয় ব্যক্তি হবেন জামানি। এর আগে বুধবার দেশটির আরেক নাগরিক মো. আজিজ বিন হুসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।