ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিকসের পরিধি বাড়াতে চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্বের পাঁচ বৃহৎ দেশকে নিয়ে গঠিত এ জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, সৌদি আরব, ইরান, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। এ ছাড়া বিশ্বে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের যে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে, তা কাটিয়ে উঠতে ব্রিকস জোটের সম্প্রসারণ চায় চীনও। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ব্রিকস জোটে ‘দ্রুত সময়ে’ নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টিতে আপত্তি জানিয়েছে ভারত ও ব্রাজিল।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হবে ব্রিকস শীর্ষ সম্মেলন। আনুষ্ঠানিক সম্মেলনের আগে সদস্যদেশগুলোর মধ্যে চলছে প্রস্তুতিমূলক আলোচনা। সেখানে চীন নতুন সদস্য হিসেবে সৌদি আরব ও ইন্দোনেশিয়াকে জোটে অন্তর্ভুক্তির ব্যাপারে বলেছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, চীনের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে ভারত ও ব্রাজিল।
ভারত বলছে, তারা চায় এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বিধি আরোপ করা হোক। আর এসব বিধি পূরণ সাপেক্ষে কোনো দেশ নতুন সদস্য হতে পারবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটভুক্ত সব দেশকে ঐকমত্যে পৌঁছাতে হবে।
জোহানেসবার্গে ২২-২৪ আগস্ট পর্যন্ত যে সম্মেলন হতে যাচ্ছে, সেখানে ভারত ও ব্রাজিল নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে আলোচনা করতে রাজি আছে, তবে নতুনদের পূর্ণ সদস্য করার আগে ‘পর্যবেক্ষণে থাকা’ দেশ অবস্থায় রাখতে চায় তারা। ব্রিকসে নতুন দেশকে অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি খসড়া আইন তৈরি করা হয়েছে, যা নিয়ে সম্মেলনে কথা হবে। ব্রাজিল প্রস্তাব করেছে আপাতত ‘পর্যবেক্ষণ’ এবং ‘সহযোগী দেশ’ এ দুটি ক্যাটাগরি চালু করা যেতে পারে। ব্রিকসে যোগ দিতে আগ্রহী দেশগুলোকে প্রথমে এই দুই ক্যাটাগরিতে যুক্ত করা হবে; এরপর তাদের মূল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। এক কর্মকর্তা জানিয়েছেন, এ পদ্ধতিতে ইন্দোনেশিয়ার ব্রিকসে যোগ দেওয়ার বিষয়টিকে সমর্থন জানাবে ব্রাজিল। তবে চীনের একজন কর্মকর্তা ব্লুমবার্গকে বলেছেন, ‘নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে গত বছরই সব সদস্য রাষ্ট্র ঐকমত্যে পৌঁছেছিল এবং এটি অনুমোদনও পেয়েছে।’
এদিকে রাশিয়ার বৈদেশিক ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ফায়োদোর লুকায়োনোভ জানিয়েছেন, তারা চান ব্রিকসের পরিধি বাড়–ক। তবে এ নিয়ে এত বেশি আগ্রহ দেখাবে না মস্কো। কিন্তু যদি নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি আসে তাহলে তারা এতে সম্মতি দেবে।
২০০৯-১০ সালে গঠিত হয় ব্রিকস জোট। বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ এবং বৈশ্বিক জিডিপির ২৩ শতাংশ ও মোট বাণিজ্যের ১৮ শতাংশই এই পাঁচ দেশের।