জুলাই মাসের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র সৈকতে ভেসে আসে এক রহস্যময় অপরিচিত বস্তু। বিশাল আকৃতির সেই ধাতব বস্তুকে নিয়ে শোরগোল পরে যায় সারাবিশ্বে।
অনেকে সেই বস্তুকে প্রথমে মনে করে ভারতীয় চন্দ্রযানের ভাঙা অংশ। আবার অস্ট্রেলিয়ার প্রশাসন ধারণা করে বস্তুটি কোন রকেটের জ্বালানির ট্যাংকার হতে পারে।
অবশেষে খোলসা হয়েছে বস্তুটিকে নিয়ে। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভেসে আসা সেই রহস্যময় বস্তুকে ভারতীয় রকেটের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে যে তারা নিশ্চিত হতে পেরেছে যে সেই ধাতব বস্তুটি একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের ধ্বংসাবশেষ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এ ধরনের মিডিয়াম-লিফ্ট লঞ্চ ভেহিকেল পরিচালনা করে থাকে বলে জানিয়েছে সংস্থাটি।
অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি আরও জানিয়েছে, দুই দেশের কর্মকর্তারা জাতিসংঘের মহাকাশ চুক্তির নিয়মনীতি মেনে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ এবং আরও নিশ্চিতকরণ করতে একসাথে কাজ করছেন।
অস্ট্রেলিয়ায় এই প্রথমবার মহাকাশ থেকে পরা আবর্জনা খুঁজে পাওয়া গেলো এমনটা নয়। এর আগেও নিউ সাউথ ওয়েলসের একজন ভেড়া চাষী এলন মাস্কের স্পেসএক্স মিশন থেকে পরা একটি পোড়া খণ্ড খুঁজে পান।
চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) উত্তরে গ্রিন হেড শহরের এক সৈকতে গোলাকার বিশালাকৃতির এক রহস্যময় ধাতব বস্তুটি দেখতে পান স্থানীয়রা। প্রায় আড়াই মিটার চওড়া ও আড়াই থেকে ৩ মিটার দীর্ঘ বস্তুটি দেখার জন্য সৈকত এলাকায় ভিড় জমিয়েছিলেন বাসিন্দারা।