রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ১০ বছরের বেশি বাঁচবেন না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোতে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। পরে সেই সাক্ষাৎকারের কিছু অংশ টেলিগ্রামে প্রকাশ করেন জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত সিরিয়ার মতো পরিণত হতে পারে কি না। জবাবে তিনি বলেন, ‘এটা সম্ভব নয় কারণ পুতিন এত বছর বাঁচবেন না। তিনি যে গতিতে আমাদের সঙ্গে যুদ্ধ করছেন সে গতিতে সিরিয়ায় যুদ্ধ করেননি। সিরিয়ার যুদ্ধ ভিন্ন।’ এ সময় জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট আর ১০ বছরের বেশি বাঁচবেন না। যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যদের ক্রিয়াকলাপ প্রমাণ করে যে, আমাদের ধ্বংস করতে ব্যর্থ রাশিয়া।’