পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দেওয়ার পর এবার সামরিক বাহিনীতেও বড় রদবদল এনেছে চীন। দেশটির পারমাণবিক অস্ত্রাগার পরিচালনাকারী একটি এলিট ইউনিটের দায়িত্বশীল দুই কর্মকর্তাকেও সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ দুটি পদের দায়িত্বে ছিলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান এবং তার ডেপুটি। বর্তমানে তাদের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ডেপুটি নৌবাহিনী প্রধান ওয়াং হাউবিন এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেং। কয়েক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীতে এ প্রথম বড় ধরনের পরিবর্তন আনা হলো। শি জিনপিং চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সর্বোচ্চ সামরিক কমান্ডের চেয়ারম্যান। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন, ‘সামরিক বাহিনীর সর্বশেষ শুদ্ধিকরণটি বেশ তাৎপর্যপূর্ণ। চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলেও সবচেয়ে বড় পরিবর্তন এনেছে। শি গুরুত্বপূর্ণ পদের দুর্নীতি নিয়ে চিন্তিত এবং তার পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, পার্টির প্রতিটি পদে সবার বিশ্বস্ততার নিশ্চয়তা চাইছেন তিনি।’ এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় কিন গ্যাংকে।