আগের মাসের মতো আগস্টেও নেওয়া নতুন ঋণের ক্ষেত্রে ‘স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল-স্মার্ট) সুদহার করিডরে ৭ দশমিক ১০ শতাংশ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, সদ্য শেষ হওয়া জুলাই মাসের এ ‘স্মার্ট’ রেট মঙ্গলবার ব্যাংকগুলোকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আগস্টেও ব্যাংক ঋণের সর্বোচ্চ হার হবে ১০ দশমিক ১০ শতাংশ। এতে গত জুন ও জুলাই দুই মাসে ‘স্মার্ট’ রেটে কোনো পরিবর্তন হয়নি।
আইএমএফের পরামর্শে ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ থেকে সরিয়ে নিয়ে গত জুলাই থেকে ‘স্মার্ট’ রেট চালু করে বাংলাদেশ ব্যাংক, যা চলতি বছরের জুলাই থেকে কার্যকর হয়েছে। আগস্ট মাসে ঠিক করা ঋণের এ সুদহার পরবর্তী ছয় মাসের মধ্যে পুনর্নির্ধারণ করতে পারবে না বাণিজ্যিক ব্যাংক।
নিয়ম অনুযায়ী, প্রতি মাসের ১ তারিখে আগের মাসের ‘স্মার্ট’ রেট ঘোষণা করে জানিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক। এই নিয়ম অনুযায়ী ১ আগস্ট জানাল জুলাই মাসের ‘স্মার্ট’ রেট। গত জুন মাসে দেওয়া বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ‘স্মার্ট’ রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ঋণ দিতে পারবে ব্যাংক। আর ৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে গত জুলাই মাস থেকে ‘স্মার্ট’ পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক।
সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি অনেক দেশেই প্রত্যাশার চেয়েও কমে আসায় বাংলাদেশের অর্থনীতিবিদদেরও তা অনুসরণ করার পরামর্শ ছিল। সেই নীতিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকও প্রত্যাশা, আমানতে সুদহার বাড়লে আমানতকারীদের মূল্যস্ফীতি মোকাবিলা কিছুটা সহজ হবে। নতুন নিয়ম চালু হওয়ার পর অনেক ব্যাংকেই আমানত সুদহার বাড়তে শুরু করেছে।