হাসপাতালে ভর্তির পর একে একে কেটে গেছে ছয়দিন। এখন অনেকটাই স্থিতিশীল ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল বুধবার রাতে চিকিৎসকদের কাছে আম খেতে চেয়েছেন তিনি।
জানা গেছে, জিভে আমের স্বাদ পেয়েছেন বুদ্ধদেব। যদিও রাইলস টিউবের মাধ্যমেই খাওয়া-দাওয়া করতে হচ্ছে তাকে।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, আগামী শনিবার বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে আবারও বৈঠক করবে মেডিকেল বোর্ড। গত শনিবার ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব।
হাসপাতাল সূত্র জানায়, বুদ্ধদেবের শারীরিক অবস্থা কেমন জানতে অনেকে তাকে দেখতে আসছেন। তিনি এখন তাদের সঙ্গে কথা বলছেন। জানাচ্ছেন নিজের সুবিধা-অসুবিধার কথা।
এর আগে আচমকা বুকে অস্বস্তি অনুভব করেন বুদ্ধদেব। সঙ্গে সঙ্গে ইসিজি করানো হয়। সেই রিপোর্টে চিন্তার কিছু খুঁজে পায়নি চিকিৎসকরা। পরে এক্স রে করানো হয়। সেই রিপোর্টের একটি অংশ অস্পষ্ট। তাই আজ তার আলট্রাসনোগ্রাফি করানো হবে। তাতেই ধরা পড়়বে বুদ্ধদেবের বুকে পানি জমেছে কিনা।
বুদ্ধদেবের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, নিউমোনিয়ার কারণেও অনেক সময় বুকে পানি জমে। কিন্তু নিউমোনিয়া কমে গেলে পানি থাকে না। বুদ্ধদেব নিউমোনিয়ায় আক্রান্ত। তবে সংক্রমণের পরিমাণ আগের তুলনায় কমেছে। পুরোপুরি সংক্রমণমুক্ত না হওয়ায় স্যালাইনের মাধ্যমে এক সপ্তাহের অ্যান্টিবায়োটিক দেওয়া হবে তাকে।
মেডিকেল বোর্ড দেখতে চাইছে, এক সপ্তাহ ধরে অ্যান্টিবায়োটিক চলার পর কেমন থাকেন বুদ্ধদেব। উন্নতি আশানুরূপ হলে বন্ধ করে দেওয়া হতে পারে অ্যান্টিবায়োটিক। পরিবর্তিত হতে পারে ডোজও।