ক্রিকেট অবসর-কান্ডের পর অনেক নাটকীয়তা শেষে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে নেতৃত্ব ছাড়লেন তামিম ইকবাল। কাল বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের বাসভবনে জরুরি মিটিং শেষে আনুষ্ঠানিক এ ঘোষণা দিয়েছেন এ ওপেনার। পাশাপাশি ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপ থেকেও ছিটকে গেছেন তামিম। কালকের সভাতেই বোর্ড প্রেসিডেন্ট এবং চিকিৎসকের সঙ্গে আলোচনা করে চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থেকেও সরে দাঁড়িয়েছেন। তামিম সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশা রাখছেন।
গত সোমবার ইংল্যান্ড থেকে কোমরের ইনজুরির চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন তামিম। এতদিন বিসিবির সঙ্গে তার আলোচনার অপেক্ষা ছিল। কাল সেই আলোচনা শেষে তামিম বলছিলেন, ‘আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল জালাল ভাই ও পাপন ভাইয়ের সঙ্গে। আমরা অনেক ডিসকাশন করেছি। আমার সবকিছু নিয়ে আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নিজের থেকে ওনাদের আগেও বলেছি যে, আজ থেকে আমি ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ইনজুরি একটা ইস্যু, যে ইনজেকশনটা নিয়েছি ওটা অলমোস্ট হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয় যে দল আগে, দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বুঝেছেন। মূল বিষয় হলো দলের ভালোর জন্য আমি নেতৃত্ব ছাড়ছি এবং একজন ক্রিকেটার হিসেবে খেলতে চাই।’
তামিমের ইনজুরি থেকে ফিরতে প্রায় চার সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস। আর এশিয়া কাপের জন্য দল দেশ ত্যাগ করবে দুই সপ্তাহের মধ্যে। এ সময়ে তামিমের সেরে ওঠার কোনো সুযোগ নেই। তাই তামিমকে এশিয়া কাপে না রাখার সিদ্ধান্ত হয়। তামিমের পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘তাকে (তামিম) বলা হয়েছে দুই সপ্তাহ কমপ্লিট রেস্ট। কালকে পর্যন্ত এক সপ্তাহ। এরপর আরও এক সপ্তাহ আছে। এখানে ছোটখাটো রিহ্যাব করতে বলা হয়েছে। ছোটখাটো কিছু অনুশীলন এরকম। এখানের পর আরও দুই সপ্তাহ তাকে প্রোপার নেটে অনুশীলন করার মতো ফিট হতে লাগবে। ওই সময়ে তো আমাদের দল এশিয়া কাপে চলে যাবে। তাই বিসিবিপ্রধান থেকে শুরু করে চিকিৎসক সবাই একমত হয়েছে যে, তামিমকে এশিয়া কাপে খেলানো সম্ভব হচ্ছে না। তামিম যেহেতু এশিয়া কাপে থাকছে না, তাই অধিনায়কও থাকছে না।’
জালাল আরও বলেন, ‘আমি আশা করি নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ফিট হয়ে উঠবে এবং বিশ্বকাপেও তাকে খেলানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।’