তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মন্তব্য না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে, তা দেশটির জনগণই ঠিক করবে। একই সঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ দেখতে চায় তারা।
গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রথম কোনো মন্তব্য করল ভারত।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিরোধী দলের দাবির মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘বিভিন্ন’ মতামত নিয়ে ভারত কী ভাবছে এ প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে। আমরা সেটাই মেনে নেব। তবে তত্ত্বাবধায়ক সরকারসহ কোনো বিষয়েই তার কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।
বাগচি আরও বলেন, ‘অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি... আমরা আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি (বাংলাদেশে) অনেক কিছুই হচ্ছে, পুরো বিশ্ব হয়তো এটা নিয়ে মন্তব্য করছে, কিন্তু ভারত ভারতই।’ ‘বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের ওপর পড়ে।’
ঢাকায় ভারতের হাইকমিশনারের সঙ্গে সম্প্রতি বিএনপি নেতাদের বৈঠক নিয়েও অরিন্দম বাগচি কোনো মন্তব্য করেননি।