বঙ্গোপসাগরে তিনটি ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া ১২ জেলেকে তিনদিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাতে ভাসমান অবস্থায় বিভিন্ন উপকূল থেকে তাদের উদ্ধার করেন অন্য ট্রলারের জেলেরা।
গতকাল বৃহস্পতিবার মাছ ধরতে গেলে পতেঙ্গা উপকূলে একসঙ্গে ১০ জেলেকে ভাসতে দেখে ট্রলারে তুলে নেন অন্য জেলেরা। অপর দুজনকেও ভোলা উপকূলের একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের শুক্রবার সকালে আনোয়ারায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ।
উদ্ধার জেলেরা হলেন, মোহাম্মদ মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. ওসমান, মো. আজিজুল হক ও মো. আরজু। বাকি দুজনের নাম জানা যায়নি। তারা সবাই আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।
গত ১ আগস্ট রাতে কুতুবদিয়ার তিন নটিক্যাল মাইল সাগরে ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলার। ট্রলারগুলোয় ৪০ মাঝিমাল্লা ছিল। এর মধ্যে ২৮ জনকে কোস্টগার্ড উদ্ধার করলেও বাকি ১২ জন নিখোঁজ ছিল।