প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ডে একটি বাড়িতে আগুন লেগে এক বাবা ও তার পাঁচ ছেলের করুণ মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় অক্ষত অবস্থায় বাড়ি থেকে বের হতে সক্ষম হন ওই ব্যক্তির স্ত্রী।
কুইন্সল্যান্ড পুলিশের বরাতে স্থানীয় সময় রবিবার সকাল ছয়টার পরে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বার্তাসংস্থা দ্যা গার্ডিয়ান।
কুইন্সল্যান্ডের রাসেল আইল্যান্ডের একটি ছোট্ট শহরে ওই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। রাসেল দ্বীপে তাদের বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে বাবা এবং পাঁচ ছেলের মৃতদেহ পাওয়া যায়। নিহত পাঁচ ভাইয়ের মধ্যে ১১, ১০ বছর বয়সী, যমজ চার বছর বয়সী এবং একজন তিন বছর বয়সী।
কুইন্সল্যান্ডের পুলিশ সুপার ম্যাট কেলি সাংবাদিকদের জানান, “শিশুদের মা আগুন থেকে রক্ষা পেয়েছেন। ওই নারী এই মুহূর্তে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত অবস্থায় আছেন। আগুনে স্বামী-সন্তানসহ তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন। এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা।“
কুইন্সল্যান্ডের ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগ জানিয়েছে, আগুনে পুড়ে বাড়িটি ধসে পড়ে। এছাড়া এটির আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলেই ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়। আর তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতিবেদনে বলা হয় ওই বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০ জন কর্মী একসঙ্গে কাজ করেন। ইতিমধ্যে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।