আরও জনপ্রিয় হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ’

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, দায়িত্বশীল এবং টেকসই ব্যবসায়িক অনুশীলনের ক্ষেত্রে বিশ্বমানের নিরাপত্তা বিষয়ে বড় অগ্রগতি অর্জন এবং বৈচিত্র্যময় পণ্যের চাহিদা মেটাতে বাংলাদেশের বর্ধিত সক্ষমতা, বাংলাদেশে তৈরি পোশাকের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের পছন্দকে বাড়িয়ে দিয়েছে। গতকাল সোমবার ঢাকায় স্পোর্টস গ্রুপ ডেনমার্কের লিয়াজোঁ অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ফারুক হাসান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলো কর্মক্ষেত্রের নিরাপত্তা বজায় রাখতে, একইসঙ্গে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে আরও জটিল ও উচ্চ মূল্যের পোশাক তৈরি এবং পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জনের জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডটি, ব্র্যান্ড এবং রিটেইলারদের মধ্যে ক্রমাগতভাবে আরও জনপ্রিয় হয়ে উঠার কারণে শিল্পের প্রচেষ্টাগুলো ফলপ্রসূ হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে, মার্কিন ফ্যাশন কোম্পানিগুলো বাংলাদেশকে পণ্যের মূল্যের দিক থেকে শীর্ষস্থানীয় প্রতিযোগিতামূলক দেশ হিসেবে মূল্যায়ন (রেটিং) করেছে।’