মাসের ৬ দিনই ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেশি

এ মাসের গত সাত দিনের মধ্যে ছয় দিনই ঢাকার বাইরে বেশি রোগী ভর্তি হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকার চেয়ে ঢাকার বাইরে ৫১৩ জন রোগী বেশি ছিল। এ সময় ঢাকায় ভর্তি হয় ১ হাজার ১১৯ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৬৩২ জন।

এমনকি এই সাত দিনে ঢাকার চেয়ে ঢাকার বাইরে রোগীর বৃদ্ধির ব্যবধানও বাড়ছে। সর্বশেষ গত ৩১ জুলাই ঢাকার বাইরে ঢাকার চেয়ে ৩৫৮ জন রোগী বেশি ভর্তি হয়েছিল। দুদিন ধরে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গত রবিবার ঢাকার সঙ্গে ঢাকার বাইরের ব্যবধান ছিল ৬০৮ জন ও গতকাল সোমবার ৫১৩ জন।

এদিকে টানা ১১ দিন পর আবারও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৪ জন মারা গেল। এর আগে সর্বশেষ ১৪ জনের মৃত্যু হয়েছিল ২৬ জুলাই। মাঝখানের এই ১১ দিন সর্বোচ্চ মৃত্যু ছিল ১২ জনের, ২ আগস্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৭৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৩২ জনই ঢাকার বাইরে। এ নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৬৯ হাজার ৪৮৩ জনে। তাদের মধ্যে এ মাসের গত সাত দিনে ভর্তি হয়েছে ১৭ হাজার ৬৫১ জন, যা ভর্তি রোগীর ২৫ শতাংশ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন মারা গেল। তাদের মধ্যে এ মাসের প্রথম সাত দিনেই মারা গেছে ৭৬ জন। অর্থাৎ প্রতিদিন মারা গেছে ১০ জনের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ৫৭২ জন রোগী। তাদের ঢাকায় ৪ হাজার ৬৫২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪ হাজার ৯২০ জন।