পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা গ্রহণের দাবি

দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার কাছে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ছাড়া বাস স্ট্যান্ডে যাত্রী ছাউনি, পদ্মা সেতু ও এর আশপাশ এলাকায় বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা মিলনায়তনে ওপেন হাউস ডে-তে এসব দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে থানার ওসি আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও উপপরিদর্শক তায়েফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আউয়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার, মেদিনীমণ্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আলী আকবর ও কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার।

উন্মুক্ত বক্তব্যে সাংবাদিক মিজানুর রহমান পদ্মা সেতু উত্তর থানার কাছে একটি যাত্রী ছাউনি নির্মাণ ও পদ্মা সেতু ও আশপাশের এলাকায় অবাধে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান পরিকল্পিতভাবে ও সরকারের রাজস্ব আদায়ের মাধ্যমে বালু উত্তোলনের ব্যবস্থা রাখার অনুরোধ করেন।

কুমারভোগ ইউনিয়নের খড়িয়া বেদেপল্লির বাসিন্দা সাহেব আলী তার এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশকে বলে ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আসলাম খান তার বক্তব্যে বলেন, বালু উত্তোলন বর্তমানে বন্ধ রয়েছে। তবে অবৈধভাবে বালু উত্তোলন করা হলে আমরা ব্যবস্থা নেব। আর বালুমহাল ইজারার বিষয়টি সরকারের।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো আব্দুল আউয়াল জানান, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়গুলো জানাব।