সূর্যের বিধ্বংসী ইনিংসে জয়ে ফিরল ভারত

আগ্রাসী ক্রিকেটের চেনা ছন্দে ফিরেছে ভারত। ব্যাটিং-বোলিং দুই ইউনিটেই দেখিয়েছে দাপট। তাতে প্রথম দুই ম্যাচে হারের পর এবার তারা পেয়েছে জয়ের দেখা। প্রোভিন্সে উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

আগে ব্যাট ১৫৯ রান সংগ্রহ করেছিল টি-টোয়েন্টির দুইবারের চ্যাম্পিয়নরা। জবাবে ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় হার্দিক পান্ডিয়ার দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রোভম্যান পাওয়েল। ব্র‍্যান্ডন কিংয়ের ৪২ ও অধিনায়কের ১৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ভারতকে ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় উইন্ডিজ।

ভারতের হয়ে কুলদীপ যাদব সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া আক্সার পেটেল ও মুকেশ কুমার নিয়েছেন একটি করে উইকেট।

রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়েছিল ভারত। প্রথম ওভারেই তারা হারায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত জসশ্বি জসওয়ালের উইকেটটি। শুভমান গিলও নামের প্রতি সুবিচার করতে পারেননি।

মাত্র ৩৪ রানে সফরকারীরা ২ উইকেট হারালে হাল ধরেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। দুজনের ৮৭ রানের জুটিতে ম্যাচের স্রোত খুঁজে পায় ভারত। সূর্য ৪৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। তাতে পেয়ে যান ম্যাচসেরার পুরস্কারটি। তিলক অপরাজিত থাকেন ৪৯ রানে।

উইন্ডিজের হয়ে আলজারি জোসেফ দুটি ও ওবেইদ ম্যাককয় এক উইকেট শিকার করেন।