চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে ওমর হাজ্জাজ

চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ। এ ছাড়া তরফদার রুহুল আমীন পুনরায় সিনিয়র সহসভাপতি ও রাইসা মাহবুব সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার চেম্বারের নব গঠিত পরিচালনা বোর্ডের সভায় এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ চট্টগ্রাম-১১ আসনের এমপি ও সাবেক চেম্বার সভাপতি এম এ লতিফের ছেলে। ২০১৯-২১ মেয়াদে তিনি চেম্বারের সিনিয়র সহসভাপতি ছিলেন। নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমীন বর্তমান কমিটিরও সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন। নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইর সদস্য নির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের মেয়ে।

চেম্বার সূত্র জানায়, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৫ মেয়াদে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা বোর্ডের সভা মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে হয়। সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, সদস্য মোহাম্মদ আলী চৌধুরী ও ওয়াহিদ আলম এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান সরওয়ার হাসান জামিল উপস্থিত ছিলেন।

সভায় সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হয়। নির্বাচনে ওমর হাজ্জাজ সভাপতি, তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহসভাপতি ও রাইসা মাহবুব সহসভাপতি নির্বাচিত হন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। ১ অক্টোবর থেকে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

নতুন পরিচালনা বোর্ডের অন্য পরিচালকরা হলেনÑ প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী এ কে এম আক্তার হোসেন, এ এস শিপিং লাইনসের স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জে এন শিপিং লাইনসের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আর এস বি ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোলট্রির ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান (টুটুল) প্রমুখ।