মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালানো রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান উদ্ধারকারীরা। সিতওয়ে শহরের শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশনের একজন উদ্ধারকারী বায়ার লা বলেন, ‘রবিবার রাতে সাগরে যান্ত্রিক সমস্যায় পড়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা নৌকাটি। এতে ৬০ জন বেশি লোক ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত আমরা ১৭টি মরদেহ পেয়েছি। আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।’ উদ্ধারকারীরা এখনো বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যানুযায়ী, মালয়েশিয়া-ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টায় অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা গত বছর সমুদ্রে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।