যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইডেন ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে অনলাইনে বেশ কিছু পোস্ট করেছিলেন। স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওই ব্যক্তি উতাহ অঙ্গরাজ্যের বাসিন্দা। ওই অঙ্গরাজ্য বাইডেনের সফর করার কথা। তার সফরের কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটল। একটি ফৌজদারি অভিযোগে বলা হয়, ক্রেগ রবার্টসন নামে ওই ব্যক্তি ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন এবং ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। এই অ্যাটর্নি ট্রাম্পের বিরুদ্ধে আনা এক পর্নো তারকাকে দেওয়া ঘুষের অভিযোগ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। রবার্টসন ফেসবুকের এক পোস্টে লিখেছিলেন, বাইডেন উতাহতে আসছেন। আমি আমার এম২৪ স্নাইপার রাইফেলের ধুলা পরিষ্কার করছি। রবার্টসনের দুটি ফেসবুক অ্যাকাউন্টে কয়েক ডজন হিংসাত্মক বার্তা এবং কয়েক ধরনের অস্ত্রের ছবি পোস্ট করা হয়। হুমকির সূত্র ধরে স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে রবার্টসনের বাড়িতে এফবিআই অভিযান চালায়। তবে রবার্টের নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই।