ন্যায্যমূল্যে সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে হাসপাতাল স্থাপনে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ভারতের ডিসান হাসপাতাল। গত মঙ্গলবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত।
সজল দত্ত বলেন, বাংলাদেশ থেকে যেসব রোগী ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের মধ্যে কার্ডিয়াক, ক্যানসার, নিউরো আর গ্যাস্ট্রো রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশে হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে এই চারটি বিষয়ে সুপার স্পেশালিটি সেবা থাকবে। আগামী পাঁচ বছর স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশি রোগীদের চারটি চাওয়া থাকে সুচিকিৎসা, ন্যায্য খরচ, এয়ারপোর্ট থেকে যাতায়াত এবং এক ছাতার নিচে সব সেবা। অনেক সময় পরীক্ষা করানোর জন্য অন্য হাসপাতালে যেতে হয়। আমরা ভারতে যেমন এক ছাতার নিচে সব সেবা দিচ্ছি বাংলাদেশেও একই ছাতার নিচে সব সেবা দেওয়া হবে। হাসপাতালে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা বেশি থাকবে, পাশাপাশি ভারতীয় চিকিৎসকও থাকবেন যাতে তারা অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।”