ডেঙ্গুতে প্রাণ গেল আরেক নারী চিকিৎসকের

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীতে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ২৭ বছর বয়সী চিকিৎসক শরিফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।

এদিকে দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা পর্যন্ত) নয়জন মারা গেছে। এর মধ্যে ঢাকায় ছয় এবং বাকি তিনজনের ঢাকার বাইরে মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেল ৩৭৩ জন।

ডা. শরিফা বিনতে আজিজ রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক বলেন, ডা. শরিফা ডেঙ্গু আক্রান্ত ছিলেন। এখানে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হলে গত বৃহস্পতিবার তাকে এখানে আনা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু আনার সময়ই তার অবস্থা খারাপ ছিল।

ডা. শরিফার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। এতে বলা হয়, ডা. শরিফা বিনতে আজিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল ভোর ৫টায় ইন্তেকাল করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে এফসিপিএস কোর্সে ছিলেন। তিনি রংপুর মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শরিফার মামা আবিদ হাসান গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেলে ডিউটিতে থাকা অবস্থায় গত ৪ আগস্ট তার ভাগ্নির জ¦র আসে। ডেঙ্গু ধরা পড়লে ও ছুটিতে চলে যায়। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। ডা. শরিফার বাবা স্কুলশিক্ষক। তিনি ছিলেন দুই ভাইবোনের মধ্যে বড়।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডা. আলমিনা দেওয়ান মিশু। তিনি ঢাকার মাতুয়াইলে শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ হাজার ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৫৩ ও আর ঢাকার বাইরে ১ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৪২১ এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৫৪ জন ভর্তি আছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮০ হাজার ৭৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৪০ হাজার ৭৬৪ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৩৯ হাজার ৩১০ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ২৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৫৪ এবং ঢাকার বাইরে ৩৩ হাজার ৯৭২ জন।