তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ আগস্ট থেকে শুরু হবে।

গতকাল শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তপন কুমার সরকার জানান, চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। গত কয়েক দিন ধরে ঢাকা ও রাজশাহীতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ অবস্থায় গতকাল দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ডেঙ্গু কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা চলাকালে যদি কোনো এলাকা প্রাকৃতিক দুর্যোগকবলিত হয়, শুধু সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। বাকি সারা দেশে পরীক্ষা চলবে।’

তিনি আরও বলেন, ‘কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা, তাই পরীক্ষা সময়মতো নেওয়া জরুরি।’

আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘কভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। তাই পরীক্ষা গত বছরের চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে। আগামী বছর স্বাভাবিকের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায়, তা চেষ্টা করা হবে।’