ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ব্যাংককর্মী ও গ্রাহকদের সুরক্ষায় ব্যাংক ও এর আশপাশে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেয়।
এতে বলা হয়, ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষার্থে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, ট্রেনিং সেন্টার, এটিএম বুথসহ সব কেন্দ্র ও এর আশপাশে যেখানে এডিস মশার বিস্তার হতে পারে এমন স্থানগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এডিস মশার প্রজনন ক্ষেত্র অর্থাৎ পানি জমার পাত্র, স্থানগুলো যেমন পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ইত্যাদি বিনষ্ট করতে হবে এবং অন্যান্য ক্ষেত্র যেমন, ভবনের ছাদ, গ্যারেজ, এসি, ফ্রিজ, পানির ট্যাংক, রান্নাঘর ইত্যাদি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অফিস ভবনের পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক স্থাপনাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ এ বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।