খালেদা জিয়ার জ্বর কমেছে

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর কমেছে। কয়েকটি রোগের প্যারামিটার নিচের দিকে নেমে যাওয়ায় চিকিৎসাপত্র পরিবর্তন করে দিয়েছেন চিকিৎসক। কেবিনে রেখেই ‘সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে তাকে। বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গতকাল দেশ রূপান্তরকে এসব কথা বলেন। ডা. রফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে চেয়ারপারসনের জ্বর এসেছিল। এখন পর্যন্ত জ্বর নেই। তার মাল্টিডিজিজের কারণে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেগুলোর কোনোটি আসতে সপ্তাহখানেক সময় লেগে যায়। বেশ কয়েকটি পরীক্ষার ফলাফল এসেছে। সেগুলো পর্যালোচনা করে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষার ফলাফলের ধরন বুঝে কিছু চিকিৎসাপত্র পরিবর্তন করে দিয়েছে।

তিনি জানান, যেহেতু বেগম জিয়ার মূল চিকিৎসাটা করা সম্ভব হচ্ছে না, তাই যখন যে সমস্যা দেখা দিচ্ছে, তার চিকিৎসা করা হচ্ছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘খুব শিগগিরই তিনি বাড়িতে ফিরতে পারছেন না। মেডিকেল বোর্ড পরীক্ষার সব ধরনের ফলাফল হাতে পেলে পর্যালোচনা করেই পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে করবে।’

গত বুধবার শারীরিক জটিলতার কারণে আবারও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরের জুন মাসে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। ২০২১ সালের এপ্রিলে কভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা জটিলতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। সবশেষ গত মার্চ মাসে বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশ যেতে না পারার দুটি শর্তই বহাল রেখে আরও এক দফা মেয়াদ বাড়ানো হয়।

এদিকে গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৭৯ বছরে পা দিয়েছেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তার জন্ম। জাতীয় শোক দিবসের দিন খালেদা জিয়ার জন্মদিন পালনে এই জন্মতারিখ নিয়ে সৃষ্টি হয় নানা বিতর্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের এই দিনে হত্যার স্মরণে জাতীয় শোক দিবসের সঙ্গে মিলে যাওয়ায় আজ বুধবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হবে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় এই মিলাদ মাহফিল হবে। সারা দেশে জেলা-উপজেলায় তার দ্রুত আরোগ্য কামনায় এই মিলাদ হবে।

২০১৬ সাল থেকে বিএনপি শোক দিবসের দিন কোনো কর্মসূচি না দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে। আগে দিবসটিতে কেক কাটা হতো।