বিএনপির চার দিনের কর্মসূচি

শুক্রবার ঢাকাসহ সব মহানগরীতে গণমিছিল

সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকাসহ সব মহানগরীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, অবৈধ লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১৮ আগস্ট শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিলের কর্মসূচি পালন করা হবে। অন্য জোট ও দলগুলো এই কর্মসূচি নিজ নিজ অবস্থান থেকে পালন করবে। তিনি জানান, একই দাবিতে ১৯ আগস্ট শনিবার সব মহানগর ও জেলাপর্যায়ে পদযাত্রার কর্মসূচি পালন করা হবে। ঢাকার পদযাত্রা হবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে।

রিজভী আরও জানান, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আজ বুধবার দোয়া মাহফিল হবে। এ ছাড়া অবিলম্বে তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ হবে।

বিএনপি এই নেতা বলেন, ‘একজন নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যাবে না। আপনাদের সংবিধান যে কোথা থেকে নাজিল হয় তা জনগণ জানে। আওয়ামী চেতনায় জারিত কি না তা পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে নিশিরাতের সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। সুতরাং সরকারের গানের সুরেই যে তাল দেবে নির্বাচন কমিশন, এটাই স্বাভাবিক। বর্তমান নির্বাচন কমিশন ভোটারবিহীন একতরফা নির্বাচনেরই পাঁয়তারা করছে। তারা শেখ হাসিনার নির্দেশে বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেআইনিভাবে অজ্ঞাত দুটি রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, যাদের কোনো কার্যালয় নেই, দেশজুড়ে সংগঠন নেই।’

রিজভী অভিযোগ করেন, ২৮ ও ২৯ জুলাই থেকে গতকাল পর্যন্ত দলটির ৮৫০ নেতাকর্মী আহত ও ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রাকিবুল ইসলাম বকুল, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।