মৌলভীবাজারের রাজনগরে মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত ছেলে আবির হাসান জয়কে (১২) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মা রেহেনা বেগমের বিরোদ্ধ। এ ঘটনায় মা রেহেনা বেগমকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পানপুঞ্জি (জাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত একই এলাকার মাসুক মিয়ার ছেলে। সে এনজিএফ স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিনিয়ত অতিরিক্ত মোবাইল ফোনে গেম খেলায় আসক্ত হওয়ায় বুধবার সকালে স্কুলে না যাওয়ায় নিজের ছেলে জয়কে রাগের মাথায় গলায় টিপ দিয়ে ধরেন মা রেহেনা। এক পর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেন তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা রেহেনা বেগমকে আটক করে। এ সময় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে।